শেরপুর-৩ আসনের নির্বাচন হচ্ছে না
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:০৩
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব আসনে ভোটগ্রহণ হচ্ছে না। প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর আকস্মিক মৃত্যুতে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী মারা গেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচনের আগে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত বা বাতিল করার বিধান রয়েছে।
আরপিওর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, কোনো বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী কার্যক্রম বাতিল করবেন এবং পরে নির্বাচন কমিশন নতুন করে তফসিল ঘোষণা করবে। নতুন তফসিল অনুযায়ী পূর্বে বৈধ ঘোষিত প্রার্থীদের পুনরায় মনোনয়নপত্র দাখিল বা জামানত জমা দেওয়ার প্রয়োজন হবে না। তবে নতুন কোনো যোগ্য প্রার্থী চাইলে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
প্রার্থীর মৃত্যু
গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন।
শেরপুর-৩ আসনটি শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বড় দলগুলোর হেভিওয়েট প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল। নুরুজ্জামান বাদলের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি মনোনীত মো. মাহমুদুল হক রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।
নতুন তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত এ আসনে ভোটগ্রহণ স্থগিত থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।