বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

সিরাজগঞ্জে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ, ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:২৩

সংগৃহীত

সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আসনের কামারখন্দ উপজেলায় টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জনতার ধাওয়া খেয়ে পালিয়েছেন ঝাঐল ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মোস্তাক সরকার। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির হাতে টাকা দিচ্ছেন মোস্তাক সরকার। এ সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি ভিডিও ধারণ করতে শুরু করলে তিনি দ্রুত দৌড়ে সেখান থেকে সরে পড়েন। স্থানীয়দের কয়েকজন তাকে ধাওয়া করলেও শেষ পর্যন্ত তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

এ বিষয়ে সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, “ভোটের আগে কেন্দ্র খরচসহ নেতাকর্মীদের বিভিন্ন খাতে টাকা দিতে হয়। এটি কেন্দ্র খরচের টাকাও হতে পারে। ভয়ে হয়তো তিনি দৌড় দিয়েছেন। ভোট কেনার অভিযোগ সঠিক নয়।”

অন্যদিকে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করে বলেন, “ভিডিওটি আমরা দেখেছি। শুধু কামারখন্দ নয়, বিভিন্ন স্থানে একই ধরনের কাজের খবর পাচ্ছি। এছাড়া সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে।” তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top