ভোটের প্রথম প্রহরেই ভোটাধিকার প্রয়োগ মামুনুল হকের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের শুরুতেই ভোটাধিকার প্রয়োগ করেছেন জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ রোডে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ঢাকা-১৩ আসনের এই প্রার্থী ভোট দেন।

ভোট দেওয়ার পর কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামুনুল হক। তিনি জানান, এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং কোনো সমস্যার খবর তিনি পাননি।

মামুনুল হক বলেন, “এখন পর্যন্ত যতটুকু দেখেছি পরিবেশের কোনো সমস্যা দেখিনি। ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। সবকিছু স্বাভাবিক রয়েছে।”

ফলাফল মেনে নেবেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো অপ্রীতিকর ঘটনা যদি না ঘটে, কোনো কৃত্রিম সংকট যদি তৈরি করা না হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হয় এবং সাধারণ ভোটাররা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ফলাফল যাই হোক সেটা মেনে নেবো।”

রাতে বিভিন্ন জায়গায় গুজব ও অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা-১৩ আসনের কিছু কেন্দ্রে সন্দেহজনক আচরণের সংবাদ পেয়েছেন। তবে সেগুলো যাচাই-বাছাই করার সুযোগ পাননি বলে জানান তিনি।

মামুনুল হক বলেন, “রাতে কিছু জায়গায় অনিয়মের সংবাদ পেয়েছি। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top