সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল যাই হোক মেনে নেবো:ড. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬

সংগৃহীত

জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক তা মেনে নেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। তবে ছোটখাটো ইস্যুতে ছাড় দিলেও বড় কোনো অনিয়ম বা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মিরপুর মনিপুর বয়েজ হাই স্কুল মাঠে ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের পর তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, “বহু বছর দেশবাসী ভোট দিতে পারেননি, আমিও পারিনি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জেলেই ছিলাম, ভোট দেয়ার সুযোগ পাইনি। এই তিনটি ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা আমাদের ভোট দেয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ এই ভোটের মাধ্যমে বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা করুন।”

তিনি আরও বলেন, “শুধু আমি নয়, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে ভোট দিতে পারেনি, তারা আজকের ভোটের জন্য বড় অপেক্ষায় ছিল। এই ভোটটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, সন্ত্রাসমুক্ত, দখলমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক—এটাই আমাদের প্রার্থনা। এই ভোটের মাধ্যমে এমন সরকার গঠিত হোক যা কোনো ব্যক্তি, পরিবার বা দলের নয়, বরঞ্চ ১৮ কোটি মানুষের জনগণের সরকার। আমরা সেই সরকারের আশায় রয়েছি।”

ড. শফিকুর রহমান সাংবাদিকদের জানান, “আমি কেবল ভোট দিয়েছি। এখন বাকি কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করব এবং সারা দেশের খবর নেব। ছোটখাটো কোনো সমস্যা হলে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয়ে ছাড় দেব না; আমাদের যা করা প্রয়োজন তা করব। কারণ মানুষের অধিকার হারিয়ে যাক, এটা আমরা চাই না। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল আমরা মেনে নেব, অন্যরাও মানবেন—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

নির্বাচনের সাফল্য কামনা করে জামায়াত আমির বলেন, “নারী-পুরুষ সবাই শান্তিপূর্ণভাবে, নিরাপদে ও নিঃশঙ্ক চিত্তে ভোট দিন। সবার কাছে আহ্বান, নিজের ঘর থেকে বের হয়ে ভোট দিয়ে রাষ্ট্র গঠনের গর্বিত অংশীদার হোন এবং দায়িত্ব পালন করুন।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top