সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ভোট দিলেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ভোট দিয়েছেন সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি। এই সময় কোনো বিশেষ সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের কাতারেই লাইনে দাঁড়ান এবং ৭টা ৪০ মিনিটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটকেন্দ্রে নির্বাচনের পরিবেশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, “আজকের ভোটের দিনে সবার আগে স্মরণ করছি সাড়ে ৪ হাজার সহযোদ্ধাকে, যারা ভোট আদায়ের জন্য ক্রসফায়ারের শিকার হয়েছেন। এছাড়া সাতশ’র বেশি সহযোদ্ধা যারা গুমের শিকার হয়েছেন এবং জুলাই বিপ্লবে আহত হয়ে বিজয়ী হয়েছেন।”

তিনি গত নির্বাচনের সঙ্গে এবারের নির্বাচনের পার্থক্য তুলে ধরে বলেন, “এবার প্রার্থীরা নির্ভয়ে ও নিঃসংকোচভাবে প্রচারণা করতে পেরেছেন। ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। কারও ভোট রাতে হয়নি এবং মৃত মানুষ কবর থেকে উঠে এসে ভোট দিতে পারেনি।” জয়ের ব্যাপারে তিনি আশাবাদীও প্রকাশ করেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ জানান, ভোটগ্রহণ নিরাপদ ও সুষ্ঠু করার জন্য জেলার ভোটকেন্দ্রগুলোতে প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে ৭ হাজার ৬৪৪ জন আনসার, ১ হাজার ৬৪৪ পুলিশ, ১ হাজার ২৯ সেনা, ৪৮ র‌্যাব ও ২২২ বিজিবি সদস্য রয়েছেন। এছাড়া ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top