ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮

সংগৃহীত

ঠাকুরগাঁও পৌরসভার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালেই ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট প্রদান শেষে তিনি কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্বের কথা তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন, “আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের আমরা আজ এই জাতীয় সংসদ নির্বাচনকে একটি শুভদিন ও শুভক্ষণ হিসেবে দেখছি। এই নির্বাচন জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে।”

তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তা যেন মসৃণভাবে এগিয়ে যায়—এটাই আমাদের প্রত্যাশা। গণতন্ত্রের এই যাত্রা আগামীতে মানুষের জীবন, রাজনীতি ও অর্থনীতিকে অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।”

বিএনপির মহাসচিব উল্লেখ করেন, বর্তমান নির্বাচন বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে এসেছে। “আজকের দিনটি অনেক বাধা-বিপত্তি, রক্তপাত ও আত্মত্যাগের মধ্য দিয়ে শুভ সূচনা হয়েছে। আমাদের দল ও সমর্থকদের দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। আমরা প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি, যিনি দীর্ঘ আন্দোলনের পর আমাদের ছেড়ে চলে গেছেন।”

ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আন্দোলনের সময় বহু মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। “লাখ লাখ মানুষ পুলিশের হাতে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে। ২৪ জুলাই প্রায় ২০০০ জন ছাত্র, কৃষক ও শ্রমিক প্রাণ হারিয়েছে। এত আত্মত্যাগের পর আজকের এই নির্বাচন।”

তিনি আশা প্রকাশ করেন, “নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচন বাংলাদেশের জন্য নতুন অধ্যায় সূচনা করবে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top