ফাঁসির মঞ্চ থেকে সংসদে, তিন নেতার অবিশ্বাস্য প্রত্যাবর্তন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭
একসময় যাদের মাথার ওপর ঝুলছিল ফাঁসির দড়ি, সময়ের ব্যবধানে তারাই এখন জাতীয় সংসদের সদস্য। সাম্প্রতিক নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু এবং এটিএম আজহারুল ইসলাম। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
বাবরের ১৮ বছরের কারাজীবন-
২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ২০০৭ সালে গ্রেপ্তার হন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন তিনি। প্রায় ১৮ বছর কারাগারে কাটানোর পর আইনি প্রক্রিয়ায় মামলা থেকে খালাস পান।
গত বছর ১৬ জানুয়ারি কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ জেলা নেত্রকোনায় ফেরেন তিনি। ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখ ২০ হাজারের বেশি ভোটে বিজয়ী হন।
পিন্টুর টাঙ্গাইল প্রত্যাবর্তন-
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুও দীর্ঘ ১৭ বছর কারাগারে ছিলেন। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার পর নিজ জন্মস্থান টাঙ্গাইলে ফেরেন তিনি।
গোপালপুর-ভূঞাপুর আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি।
আজহারুলের রংপুর জয়-
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ২০১২ সাল থেকে কারাবন্দি ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কয়েক বছরের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। গত বছর ২৮ মে কারাগার থেকে মুক্তি পান তিনি।
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
একসময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিসেবে কারাগারে থাকা তিন নেতার এই সংসদে প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সমর্থকদের মতে, এটি রাজনৈতিক পুনর্বাসনের প্রতিফলন; সমালোচকদের মতে, এটি বিতর্কের নতুন অধ্যায়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।