বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৯

সংগৃহীত

ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে ‘অগ্রাধিকার’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে শফিকুর রহমান বলেন, “ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আমাদের অগ্রাধিকার।” তিনি আরও জানান, ভারত সফরের ব্যাপারে তার কোনো দ্বিধা বা বাধা নেই। “নির্বাচন শেষ হোক, এরপর আমি সিদ্ধান্ত নেবো,” বলেন তিনি।

সংখ্যালঘুদের ওপর নির্যাতন ইস্যুতে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, বাংলাদেশে প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান। “আমরা এই দেশে প্রথম শ্রেণির নাগরিক। আমরা কখনোই শুধু ধর্মবিশ্বাসজনিত কারণে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠকে সমর্থন করি না। আমরা কখনোই তা স্বীকার করি না,” বলেন তিনি।

এদিকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোর থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে।

দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। এবারের নির্বাচনে অংশ নিয়েছে মোট ৫০টি রাজনৈতিক দল। প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন—দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন।

জাতীয় সংসদের ২৯৯টি আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top