নির্বাচনে সংখ্যালঘু ৪ প্রার্থীর জয়, চারজনই বিএনপির
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের চার জন বিএনপির মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- ঢাকা-৩ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মাগুরা-২ থেকে ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বান্দরবান থেকে জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু এবং রাঙ্গামাটি থেকে দীপেন দেওয়ান।
ফলাফল অনুযায়ী, গয়েশ্বর চন্দ্র রায় ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. শাহীনুর ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট। নিতাই রায় চৌধুরী ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট নিয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট।
বান্দরবানের সাচিং প্রু ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আবু সাঈদ মো. সুজা উদ্দীন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট। রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান ২ লাখ ১ হাজার ৫৪৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ৩১ হাজার ২২২ ভোট পেয়েছেন।
বিএনপি এবার সংখ্যালঘু সম্প্রদায়ের ছয় প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল, যার মধ্যে দুজন পরাজিত হয়েছেন। বাগেরহাট-১ আসনের কপিল কৃষ্ণ মণ্ডল এবং বাগেরহাট-৪ আসনের সোমনাথ দে নির্বাচনে হেরে গেছেন। এছাড়া জামায়াতে ইসলামী ও এনসিপি একজন করে সংখ্যালঘু প্রার্থী দিয়েছিল; তারা দুজনই নির্বাচনে জয়লাভ করতে পারেননি।
নির্বাচনে অন্তত ৭৯ জন সংখ্যালঘু প্রার্থী অংশগ্রহণ করেছেন। নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ২২টি দল ৬৭ জন সংখ্যালঘু প্রার্থী মনোনয়ন দিয়েছে। এছাড়া ১২ জন স্বতন্ত্র সংখ্যালঘু প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।