নিজের কেন্দ্রে হারলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২১:১৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ও বেসরকারি ফলাফল প্রকাশ শুরু হতেই ঢাকা-১৫ আসনে দেখা দিয়েছে বড় চমক। এই আসনের অন্যতম হেভিওয়েট প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান নিজের ভোটকেন্দ্রেই নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে পেয়েছেন ৫৬০ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬৫ ভোট। মাত্র ৫ ভোটের ব্যবধানে এই পরাজয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা বজায় রাখে। ভোট গণনা শুরুর পর থেকেই কেন্দ্রভিত্তিক ফলাফলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার চিত্র ফুটে উঠতে থাকে।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
ঢাকা-১৫ আসনে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও বিচ্ছিন্ন কিছু উত্তেজনার খবর পাওয়া গেছে। এখন কেন্দ্রভিত্তিক বাকি ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটাররা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।