শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

নতুন সরকারের যেসব চ্যালেঞ্জের কথা বললেন তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:০৭

ছবি: সংগৃহীত

নতুন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশ পরিচালনায় কী ধরনের চ্যালেঞ্জ সামনে আসতে পারে, তা তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়েই নতুন সরকারকে যাত্রা শুরু করতে হবে।

তারেক রহমান দাবি করেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে উসকানি দেওয়ার চেষ্টা হচ্ছে। এ প্রেক্ষাপটে তিনি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

বেআইনি কর্মকাণ্ডের বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। দলমত, ধর্ম-বর্ণ বা ভিন্নমত নির্বিশেষে দুর্বলের ওপর সবলের আক্রমণ বরদাশত করা হবে না বলে সতর্ক করেন। একই সঙ্গে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে সৃষ্ট ভুল বোঝাবুঝি যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়েও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দল—জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলনসহ—সব দলকে অভিনন্দন জানান বিএনপি চেয়ারম্যান। পাশাপাশি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও নির্বাচন কমিশনের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top