পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াতের আমির
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৫:০৫
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতে চান। মন্ত্রীর পদমর্যাদায় তাকে মন্ত্রণালয়ে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে অনুরোধ জানিয়ে একটি চিঠি দিয়েছেন তিনি।
বিরোধীদলীয় নেতার দফতর সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি লেখা ওই চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেখানে শফিকুর রহমান উল্লেখ করেন, অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে কূটনৈতিক দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে তার অভিজ্ঞতা ও পেশাগত যোগাযোগ রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম এবং ইউরোপীয় ইউনিয়নসহ এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে জামায়াতে ইসলামীর পক্ষে বাংলাদেশ তথা রাষ্ট্রের স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন তিনি।
নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাবকে নতুন ও অভিনব উদ্যোগ বলে উল্লেখ করেছেন বিরোধীদলীয় নেতা। তার মতে, অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পদায়ন করা হলে জাতীয় সংসদের বিরোধী দলের পররাষ্ট্রনীতিসমূহ সরকারের কাছে উপস্থাপন ও পর্যালোচনা করা সহজ হবে এবং আন্তর্জাতিক সম্পর্কেও ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।
চিঠিতে শফিকুর রহমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে অনুরোধ জানিয়ে বলেন, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি ও দেশের পররাষ্ট্রনীতি সমন্বয়ের স্বার্থে এ পদায়নটি সরকারের পক্ষ থেকে বিবেচনার জন্য সুপারিশ করা হচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।