সৌদি উপহারের খেজুর বিতরণ নিয়ে মুখ খুললেন মাসুদ সাঈদী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১০:৪৮
অনুদান হিসেবে পাওয়া খেজুরের হিসাব তুলে ধরেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তিনি জানিয়েছেন, পিরোজপুর জেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে মোট ১৩৯ কার্টন খেজুর পাওয়া গেছে।
বুধবার রাত আটটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশ সরকার কোনো সময় কাউকে খেজুর দেয়নি। বহু বছর ধরে সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার হিসেবে খেজুর পাঠানো হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, এবারও সৌদি সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশে খেজুর পাঠানো হয়েছে।
তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে পিরোজপুর জেলায় এই খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ১৮ কার্টন, নাজিরপুর উপজেলায় ২৪ কার্টন এবং জিয়ানগর উপজেলায় ১৪ কার্টন খেজুর বরাদ্দ রয়েছে।
সংসদ সদস্য আরও জানান, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তিনটি উপজেলার জন্য মোট ৫৬ কার্টন খেজুর অসহায় ও দুস্থ মানুষ এবং মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে।
তিনি দাবি করেন, অতীতে খেজুর বিতরণ নিয়ে তাঁর এলাকায় দুর্নীতির কোনো খবর তাঁর জানা নেই। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি ওয়ার্ডে উপযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে খেজুর পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।