বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১১:০৬

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের আসনের ওপরের উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’-এর আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে।

বুধবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চব্বিশ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ ভবনে সংস্কারকাজ শুরু হয়। ওই সংস্কারের অংশ হিসেবে অধিবেশন কক্ষে আরবি ক্যালিগ্রাফি স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সংশ্লিষ্ট শাখা স্পিকারের আসনের ওপরের দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি স্থাপন করে।

এদিকে বুধবার সংসদ সচিবালয়ে নিজের দপ্তরে দাপ্তরিক কাজ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম তিনি সংসদ নেতার কক্ষে আনুষ্ঠানিক কাজ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সংসদ ভবন থেকেই তার সরকারি কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া বুধবার সকালে তিনি দলের সংসদীয় সদস্যদের বৈঠকে অংশ নেন এবং সংসদ নেতা হিসেবে সভায় সভাপতিত্ব করেন।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top