শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২৬, ১২:১৬

ছবি: সংগৃহীত

ইতালিতে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বড় ভাই। পরে তিনি নিহত ভাইয়ের মরদেহ ভিডিও কলে পরিবারের সদস্যদের দেখিয়ে হত্যার কথা স্বীকার করেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে। নিহত ও অভিযুক্ত দুই ভাইই মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাই হুমায়ুন ফকির এবং ছোট ভাই নয়ন ফকিরের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এক পর্যায়ে সেই বিরোধ ভয়াবহ রূপ নেয় এবং বড় ভাই হুমায়ুন ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাইকে আঘাত করে হত্যা করেন।

ঘটনার পর হুমায়ুন ফকির নিহত ভাইয়ের মরদেহ ভিডিও কলে পরিবারের সদস্যদের দেখান এবং হত্যার বিষয়টি স্বীকার করেন। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলে ইতালির পুলিশ অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ডাবলু জানান, পারিবারিক বিরোধের জেরে ইতালিতে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে বলে তিনি শুনেছেন এবং বিষয়টি তাকে জানানো হয়েছে।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন ফকির দীর্ঘ প্রায় ১২ বছর ধরে প্রবাস জীবন কাটাচ্ছেন। তিনি প্রথমে লিবিয়ায় যান, পরে সেখান থেকে ইতালিতে প্রবেশ করেন। পরবর্তীতে ২০২৩ সালে তার সহায়তায় ছোট ভাই নয়ন ফকিরও ইতালিতে যান। পারিবারিক ও ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করেই তাদের মধ্যে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top