শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

হোটেলের বাথরুমে নারীদের গোসলের ভিডিওধারণ, ২ ক্রিকেটার গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২৬, ১২:০০

ছবি: সংগৃহীত

হোটেলের বাথরুমে নারীদের গোসলের দৃশ্য গোপনে ধারণ করার অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে জামিনে মুক্তি পান তারা।

চলতি সপ্তাহের শুরুতে কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি হোটেলে অবস্থানরত নারী অতিথিরা অভিযোগ করেন, বাথরুমে থাকা অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে তাদের ভিডিও ধারণ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই ক্রিকেটারকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক শুনানির জন্য তাদের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত প্রত্যেকের জন্য ৫ লাখ শ্রীলঙ্কান রুপিতে জামিন মঞ্জুর করেন এবং আগামী ২৫ মে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।

এদিকে, নারাহেনপিতা থানা পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে। ধারণকৃত ভিডিওগুলো কোনো অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পরও শ্রীলঙ্কার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে দেশটির ক্রিকেট অঙ্গনে চলমান অস্থিরতার মধ্যেই এমন ঘটনা নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

সরকারের সিদ্ধান্তে সম্প্রতি আগের বোর্ড নেতৃত্ব অপসারণ করে নতুন রূপান্তর কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে স্থান পেয়েছেন সাবেক কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, রোশান মহানামা ও সিধাথ ওয়েত্তিমুনি। সাবেক সংসদ সদস্য ইরান বিক্রমারত্নে কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

ক্রিকেট সংশ্লিষ্টদের মতে, নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়দের নৈতিকতা ও শৃঙ্খলা রক্ষা এখন শ্রীলঙ্কার ক্রিকেটের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top