এক ঝলকের হাসি, ভাগ্য বদলে দিল দরিদ্র কিশোরের জীবন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২৬, ১২:৫৬

ছবি: সংগৃহীত

একটি সাধারণ হাসিই বদলে দিয়েছে এক কিশোরের পুরো জীবন। গায়ে ময়লা শার্ট, হাতে চায়ের কাপ আর প্রাণখোলা হাসির সেই দৃশ্য এখন ইন্টারনেটজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অসংখ্য মিম ও ভিডিওর মাধ্যমে মুখটি এখন বিশ্বজুড়ে পরিচিত হলেও, তার পেছনের জীবনকথা অনেকেরই অজানা।

এই কিশোরের নাম অরুণ কুমার। ভারতের মুম্বাইয়ের এক দরিদ্র পরিবারে তার জন্ম ও বেড়ে ওঠা। আর্থিক সংকটের কারণে চতুর্থ শ্রেণির পরই তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। ছোট বয়সেই জীবিকার তাগিদে তাকে ট্রাকের সহকারী হিসেবে কাজ শুরু করতে হয়।

অরুণ কাজ করতেন নেহেরু নামের এক ট্রাক চালকের সঙ্গে, যাকে তিনি স্নেহভরে “আন্না” বলে ডাকতেন। সম্পর্কটি ছিল ভাইয়ের মতোই গভীর ও আন্তরিক।

ভাইরাল হওয়া ঘটনাটি ঘটেছিল একেবারেই আকস্মিকভাবে। ট্রাক ধোয়ার কাজ শেষ করে নেহেরু আন্না অরুণকে এক কাপ চা দেন এবং একটি কৌতুক শোনান। সেই কৌতুক শুনে অরুণ এমনভাবে হাসতে থাকেন যে তার হাত থেকে চায়ের কাপ উপচে পড়ে যায়। সেই মুহূর্তটি নেহেরু নিজের মোবাইলে ধারণ করে ইন্টারনেটে প্রকাশ করেন। এরপরই অরুণের সেই স্বাভাবিক ও প্রাণখোলা হাসি দ্রুত ছড়িয়ে পড়ে এবং তাকে নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

এই জনপ্রিয়তা শুধু অনলাইন দুনিয়ায় সীমাবদ্ধ থাকেনি, বরং তার জীবনের বাস্তবতাও বদলে দেয়। ভাইরাল হওয়ার পর সরকারি উদ্যোগে তার জীবনযাত্রায় পরিবর্তন আসে। কঠিন সংগ্রামের পথ ছেড়ে অরুণ এখন আবার পড়াশোনায় ফিরেছে।

বর্তমানে সে নিয়মিত স্কুলে যাচ্ছে। আগামী বছর তার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। পড়াশোনা শেষ করে সে একজন শিক্ষিত মানুষ হয়ে ভালো একটি ভবিষ্যৎ গড়তে চায়। তবে জনপ্রিয়তা পেলেও সে তার সেই পুরোনো অভিভাবকস্বরূপ নেহেরু আন্নাকে ভোলেনি; ভবিষ্যতেও তার পাশে থাকতে চায় বলে জানিয়েছে অরুণ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top