শবেবরাত উপলক্ষে দেশ ও মুসলিম বিশ্বের শান্তি-সমৃদ্ধি কামনা তারেক রহমানের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩
বিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সব মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
বাণীতে তারেক রহমান বলেন, শাবান মাসের একটি মহিমান্বিত রাত হলো শবেবরাত। ‘বরাত’ অর্থ নাজাত বা মুক্তি। এই পবিত্র রাতের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। শবেবরাতে পরম করুণাময় আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য রহমত ও দয়ার ভান্ডার উন্মুক্ত করে দেন। একই সঙ্গে এই রাত পবিত্র রমজান মাসের আগমনী বার্তাও বহন করে।
তিনি বলেন, এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নিজেদের ভুল-ভ্রান্তি ও ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং নেক আমলের মাধ্যমে তার রহমত ও মাগফিরাত লাভের চেষ্টা করেন। শবেবরাত নাজাত লাভের এক বিশেষ সুযোগ, যেখানে বিশ্বাসী মুসলমানরা সব ধরনের অনাচার ও অপকর্ম থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে থাকেন।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে যদি আমরা মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ বজায় রাখতে পারি, তবে এই মহিমান্বিত রাতে করা আমাদের প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন।
বাণীর শেষাংশে তারেক রহমান বিশ্ব শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য মহান আল্লাহর কাছে একান্ত মোনাজাত করার আহ্বান জানান। পাশাপাশি পবিত্র শবেবরাতের এই রজনীতে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।