মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

গাজীপুর ‘জঙ্গি নাটক’ মামলায় সাবেক পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩৬

সংগৃহীত

গাজীপুরের পাতারটেক এলাকায় ২০১৬ সালে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাতজনকে হত্যার ঘটনায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগ গ্রহণের বিষয়ে শোনানি শেষে পরবর্তী কার্যক্রমের জন্য নতুন তারিখ ধার্য করা হবে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, সিটিটিসি’র তৎকালীন প্রধান মো. মনিরুল ইসলাম, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। প্রসিকিউশন বলছে, অন্যান্য কর্মকর্তারাও বিভিন্ন পর্যায়ে অপারেশন বাস্তবায়নে সরাসরি যুক্ত ছিলেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ওই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল পরিকল্পিতভাবে ভুয়া ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাতজনকে হত্যা করে এবং ঘটনাটিকে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে প্রচার করা হয়। তদন্তে উঠে আসে, নিহতরা বিচারবহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

মামলার নথি অনুযায়ী, নিহত সাতজনের একজন ছিলেন ইবরাহীম, যাত্রাবাড়ীর একটি মাদ্রাসার শিক্ষার্থী। তার পরিবার দাবি করেছেন, তিনি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বিচারবহির্ভূত হত্যা ও গুমের ঘটনায় নতুন করে অভিযোগ দায়েরের সুযোগ তৈরি হলে ইবরাহীমের বাবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে ছেলে হত্যার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই মামলাটি চলমান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top