বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

রাজধানীর পূর্বাচল নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ৫ দোকান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪

ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচল নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট এবং একটি মুদি দোকান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। দোকানগুলোর ভেতরে থাকা সব মালামাল পুড়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে যায়।

পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার জানান, ভোরের দিকে স্থানীয়রা মার্কেট এলাকায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। তাৎক্ষণিকভাবে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

এদিকে হঠাৎ আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। তারা দ্রুত ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top