গাইবান্ধায় বজ্রপাতে প্রাণ হারালেন শিক্ষার্থীসহ ৩ জন
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৯:১৯
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। একই সঙ্গে একটি গরুও বজ্রাঘাতে মারা গেছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), আল মোজাহিদ চৌধুরী ছোটন মিয়ার ছেলে রাফি (১২) এবং নবীন হোসেনের ছেলে মিজানুর রহমান (২০)। নিহত রাফি স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আহত ব্যক্তির নাম শামীম (১৮)। তিনি একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে যায়। ওই সময় ফুয়াদ, রাফি ও মিজানুর বাড়ির পাশে রাস্তার ধারে অবস্থান করছিল। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। একই সময়ে পাশে থাকা একটি গরুও মারা যায়। আহত শামীমকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে একই সময় ফুলছড়ি উপজেলার ফজলপুর ইউনিয়নের বুলবুলির চরে গরু চরাতে গিয়ে আলী আকবর নামের এক কৃষকও বজ্রপাতে আহত হয়েছেন।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মণ্ডল বলেন, ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয়দের তথ্য অনুযায়ী বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং একটি গরুও মারা গেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।