রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

পঞ্চগড়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৮:২৯

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) সকালে বিদ্যালয় চলাকালে এ ঘটনা ঘটে। আটক শিক্ষক হবিবর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে শ্রেণিকক্ষ চলাকালীন সময় ওই শিক্ষার্থীকে শ্লীলতাহানি করেন অভিযুক্ত প্রধান শিক্ষক। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় জনতা বিদ্যালয় প্রাঙ্গণ ঘেরাও করে শিক্ষককে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত দেখা যায়। অভিযুক্ত শিক্ষক গণপিটুনি থেকে রক্ষা পেতে একটি টেবিলের নিচে আশ্রয় নেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। উপজেলা প্রশাসন জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষককে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top