নেইমারের জাদুতে লিগ মৌসুমে সান্তোসের প্রথম জয়
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২
চোট কাটিয়ে মাঠে ফিরেই দুর্দান্ত নৈপুণ্য দেখালেন নেইমার জুনিয়র। তার জোড়া গোলে লিগ মৌসুমে প্রথম জয় পেয়েছে সান্তোস।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ভিলা বেলমিরো স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচে ভাস্কো দা গামা-কে ২-১ ব্যবধানে হারায় সান্তোস।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন নেইমার। ২৪ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন তিনি। গোলের পর প্রতিপক্ষ সমর্থকদের দিকে চুপ থাকার ইঙ্গিত দেন ব্রাজিলিয়ান তারকা। পরে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে ভিনিসিয়ুস জুনিয়র-এর ঢঙে নেচে উদযাপন করেন গোলটি।
ম্যাচটি উত্তপ্ত ছিল আরেক কারণে। থিয়াগো মেন্দেস-এর সঙ্গে পুরনো দ্বৈরথের রেশ দেখা যায় মাঠে। ২০২০ সালে পিএসজি-র হয়ে খেলার সময় মেন্দেসের এক ট্যাকলে গুরুতর চোট পেয়েছিলেন নেইমার। এদিনও প্রথমার্ধে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
প্রথমার্ধে এগিয়ে থাকলেও ভাস্কোর বারোস সমতা ফেরান। তবে দ্বিতীয়ার্ধে মাঝমাঠ নিয়ন্ত্রণে নিয়ে আক্রমণের ধার বাড়ায় সান্তোস।
শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেন নেইমারই। উইলিয়ান আরঁ-এর লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে ভাস্কোর গোলরক্ষক লিও জারডিম-এর মাথার ওপর দিয়ে আলতো চিপ শটে বল জালে পাঠান তিনি। নেইমারের এই জাদুকরী পারফরম্যান্সে স্বস্তির জয় তুলে নেয় সান্তোস।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।