ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর বিশ্বকাপ খেলা নিয়ে সুখবর পাচ্ছে ইরান
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৪:১৭
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ ও তীব্র ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও বিশ্বকাপ ফুটবলে ইরানের জাতীয় দল অংশ নিতে পারবে বলে আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। কয়েক মাসের মধ্যেই শুরু হতে যাওয়া এই বিশ্বকাপ আসরে অংশ নিতে ইরান দলকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বৈঠক শেষে তিনি জানান, আলোচনায় ইরানের বর্তমান পরিস্থিতি এবং বিশ্বকাপে তাদের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, ইরানের জাতীয় দলকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে এবং তারা বিশ্বকাপে খেলতে পারবে।
ইনফান্তিনো বলেন, ইরান ইতোমধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প আবারও নিশ্চিত করেছেন যে ইরানের দলকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নিতে স্বাগত জানানো হবে। তিনি আরও বলেন, এমন কঠিন সময়ে বিশ্বকাপের মতো বড় ক্রীড়া আসর মানুষকে একত্রিত করতে পারে এবং বিশ্বজুড়ে ঐক্যের বার্তা দিতে পারে।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এবারের বিশ্বকাপ ফুটবল। যৌথভাবে এই আসরের আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইরান রয়েছে জি গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড।
গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের প্রথম ম্যাচ। এরপর ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে এবং ২৬ জুন মিশরের বিপক্ষে মাঠে নামবে তারা।
সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ মার্চের শুরুর দিকে বলেছিলেন, সাম্প্রতিক হামলার পর বিশ্বকাপ নিয়ে আশাবাদী হওয়া কঠিন হয়ে পড়েছে। সে সময় ইরান দলের প্রস্তুতিও থমকে যায় এবং ফিফার কয়েকটি পরিকল্পনা বৈঠকেও তারা উপস্থিত থাকতে পারেনি।
এদিকে ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ইরানের সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়েও শঙ্কা দেখা দিয়েছিল। তবে ফিফা জানিয়েছে, বিশ্বকাপ কোনোভাবেই স্থগিত বা পিছিয়ে দেওয়া হবে না।
ফিফার বিশ্বকাপ পরিচালনা দায়িত্বে থাকা কর্মকর্তা হাইমো শিরগি বলেন, পরিস্থিতি প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো না কোনো সময় সমাধান আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তার মতে, বিশ্বকাপ অত্যন্ত বড় একটি আয়োজন এবং যারা খেলার যোগ্যতা অর্জন করেছে, তাদের সবাইকে অংশ নেওয়ার সুযোগ দেওয়াই ফিফার লক্ষ্য।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।