জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড
জামালপুর প্রতিনিধি | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৫:২০
জামালপুর সদর উপজেলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। অপর এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন।
অপরদিকে একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলামকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার পাকুল্যা এলাকায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের অনুপস্থিতিতেই আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দেন। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।