রাজধানীতে খেলতে গিয়ে দেয়ালের নিচে চাপা পড়ে প্রাণ গেল দুই বোনের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৫:১৩
রাজধানীর বাড্ডা এলাকায় খেলাধুলার সময় দেয়াল ধসে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে আপন বোন বলে জানা গেছে।
বুধবার সকাল প্রায় সাড়ে এগারোটার দিকে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল দশ নম্বর লেন এলাকায় রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—দশ বছর বয়সী আয়েশা মনি ও বারো বছর বয়সী নুসরাত। তারা কুমিল্লার বরুড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইকবালের মেয়ে।
নিহত শিশুদের বাবা ইকবাল জানান, তার দুই মেয়ে রাস্তার পাশে খেলছিল। হঠাৎ পাশের একটি দেয়াল ভেঙে তাদের ওপর পড়ে যায়। এতে দুই মেয়ে দেয়ালের নিচে চাপা পড়ে। তাদের চিৎকার শুনে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুক জানান, দেয়াল চাপায় নিহত দুই শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এদিকে বাড্ডা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পলাশ জানান, দুপুর বারোটার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাটি জানতে পারে। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।