মিরপুরে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। নিজের প্রথম পাঁচ ওভারের মধ্যেই পাঁচ উইকেট তুলে নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফাইফার পেয়েছেন তিনি। তার আগুনে বোলিংয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।
২২ দশমিক ১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৭৭ রান। নতুন বলে শুরুতে নিয়ন্ত্রিত বোলিং করেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে উইকেটের দেখা পাননি এই দুই অভিজ্ঞ পেসার। এরপর সপ্তম ওভারে স্পিন আক্রমণে যান বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু সেখান থেকেও আসে না সাফল্য।
পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিনকে সরিয়ে বল তুলে দেওয়া হয় নাহিদ রানার হাতে। আক্রমণে এসেই সাফল্য এনে দেন এই তরুণ পেসার। ওভারের শেষ বলে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। ২৭ রান করা এই ব্যাটসম্যানের বিদায়ে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।
এরপর নিজের পরের চার ওভারের প্রতিটিতেই উইকেট তুলে নেন নাহিদ। একে একে শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার। তার ধারাবাহিক আঘাতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের টপ অর্ডার।
১৯তম ওভারে উইকেটের তালিকায় নাম লেখান অধিনায়ক মিরাজও। ওভারের শেষ বলে আব্দুল সামাদকে লিটন দাসের গ্লাভসে ক্যাচ করান তিনি। এরপর ২৩তম ওভারে হোসাইন তালাতকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ।
তাতে ৭৭ রানেই ৭ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে পাকিস্তান।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।