শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও কষ্টে জয় আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৯:২৮

ছবি: সংগৃহীত

ফিফা র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর দল আর্জেন্টিনা প্রত্যাশিত জয় পেলেও পারফরম্যান্সে ছিল না সেই ছন্দ। ১১৫ নম্বরে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে খেলতে নেমে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের শুরুটা ভালোই ছিল আর্জেন্টিনার। ১৭ মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৩২ মিনিটে নিকো পাজ ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে এরপর আর আধিপত্য ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের আগে কোচ স্কালোনি জানিয়ে দিয়েছিলেন, লিওনেল মেসি ও রদ্রিগো দি পলকে শুরুর একাদশে রাখা হবে না। তারা বেঞ্চে থেকেই প্রথমার্ধ দেখেন এবং বিরতির পর মাঠে নামেন। কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে পারেনি আর্জেন্টিনা।

পুরো ম্যাচে দুই দলই সমান সংখ্যক—৪টি করে লক্ষ্যে শট নেয়। শেষ দিকে আক্রমণে চাপ বাড়ায় মৌরিতানিয়া এবং যোগ করা সময়ে গোল করে ব্যবধান কমায়। অভিষেক ম্যাচেই ডিফেন্ডার জর্ডান লেফোর্ট গোল করে দলকে লড়াইয়ে ফেরান।

ম্যাচের শেষভাগে আরও কিছু সুযোগ তৈরি করেছিল আফ্রিকার দলটি। সামান্য এদিক-ওদিক হলে ড্রও হতে পারত ম্যাচটি।

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামী ১ এপ্রিল জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের আগে পারফরম্যান্স নিয়ে ভাবনার জায়গা থাকছেই স্কালোনির দলের জন্য।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top