আন্তর্জাতিক বাজারে তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:১০
আসন্ন যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠকের প্রেক্ষিতে আন্তর্জাতিক তেলবাজারে দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। বিনিয়োগকারীরা সম্ভাব্য কূটনৈতিক সমঝোতা এবং ওপেক প্লাসের উৎপাদন বৃদ্ধির প্রভাব বিবেচনা করছেন।
সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৬৭.৭৮ ডলার এবং ইউএস ডব্লিউটিআই প্রতি ব্যারেল ৬২.৯১ ডলারে লেনদেন হয়েছে। যুক্তরাষ্ট্রে ছুটির কারণে ডব্লিউটিআইর আনুষ্ঠানিক বন্ধ দর ঘোষণা করা হয়নি।
গত সপ্তাহে তেলের দাম কিছুটা কমে যায়, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মাসের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানান। এই ঘোষণায় বাজারে সরবরাহ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হবে। পারমাণবিক বিরোধ মীমাংসা এবং নতুন সামরিক উত্তেজনা এড়ানোই আলোচনার মূল লক্ষ্য। ইরান জানিয়েছে, সম্ভাব্য চুক্তির মাধ্যমে উভয় দেশ অর্থনৈতিক সুবিধা পেতে পারে, বিশেষ করে জ্বালানি, খনিজ খাত এবং বিমান কেনাবেচার ক্ষেত্রে। তবে বিশ্লেষকদের মতে, উভয় পক্ষই গুরুত্বপূর্ণ শর্তে অনড় থাকার কারণে দ্রুত কোনো চুক্তি হওয়া কঠিন। আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে, এবং ইরান পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে।
এ সময় ওপেক প্লাস এপ্রিল থেকে তেল উৎপাদন বৃদ্ধি নিয়ে ভাবছে, যাতে গ্রীষ্মে চাহিদা বাড়লেও সরবরাহ ঠিক রাখা যায়। বিশ্লেষকরা বলছেন, আপাতত ভূরাজনৈতিক পরিস্থিতি ও মজুতের তথ্যই তেলের বাজারকে প্রভাবিত করবে, ফলে ভবিষ্যতে দাম ওঠানামা করতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।