সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

রাজশাহীতে সহকারী পুলিশ সুপার ও স্ত্রীর বিরুদ্ধে দুদকে মামলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:২৯

সংগৃহীত

রাজশাহীতে কর্মরত গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালাম ও তার স্ত্রী শাহানা পারভীনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদক মামলা দায়ের করেছে। মামলাটি দায়ের করেছেন দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন।

মামলার এজাহারে বলা হয়েছে, শাহানা পারভীন ২০২৪ সালের ১৮ আগস্ট দাখিল করা সম্পদ বিবরণীতে মোট ২১ লাখ ৭৪ হাজার টাকার সম্পদ দেখিয়েছিলেন। তবে অনুসন্ধানে তার নামে প্রায় ৯৫ লাখ ১৬ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। অর্থাৎ তিনি প্রায় ৭৩ লাখ ৪২ হাজার টাকার সম্পদ গোপন করেছেন। এছাড়া বৈধ আয়ের পরিমাণ মাত্র ৭ লাখ ১৪ হাজার টাকা হলেও পারিবারিক ব্যয়সহ মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৭৫০ টাকা।

মীর্জা মো. আব্দুস সালামের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি সরকারি চাকরির ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে স্ত্রীর নামে সম্পদ গড়ে তুলতে সহায়তা করেছেন।

দুদক জানায়, এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মামলাটি দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের ১ নম্বর তালিকায় রুজু করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মীর্জা মো. আব্দুস সালাম বলেছেন, “মামলাটি সঠিক নয়। আমাদের বৈধ ট্যাক্স দেওয়া আছে। এগুলো আমার স্ত্রীর পারিবারিক সম্পত্তি। মূলত আমাদের হয়রানি করতে এ মামলা দায়ের করা হয়েছে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top