রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

বিমান হামলায় খামেনির মেয়ে, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১০:৩৪

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–এর মেয়ে, জামাতা ও নাতি বিমান হামলায় নিহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। রোববার (১ মার্চ) ইরানি সংবাদমাধ্যম ফার্স সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এর আগে খামেনি মারা গেছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার এমন দাবির পরপরই খামেনির পরিবারের সদস্যদের নিহত হওয়ার খবর সামনে এলো।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, “খামেনি, ইতিহাসের অন্যতম দুষ্ট ব্যক্তি, মারা গেছেন। এটি শুধু ইরানের জনগণের জন্য ন্যায়বিচার নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের সেই মহান আমেরিকানদের জন্যও ন্যায়বিচার, যারা খামেনি ও তার রক্তপিপাসু গোষ্ঠীর হাতে নিহত বা আহত হয়েছেন।”

তিনি আরও দাবি করেন, খামেনি উন্নত গোয়েন্দা নজরদারি এড়াতে পারেননি এবং ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে তাকে নিষ্ক্রিয় করা হয়েছে।

ট্রাম্প আরও লেখেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী, সামরিক ও অন্যান্য নিরাপত্তা সদস্যদের অনেকেই আর যুদ্ধ করতে চান না এবং নিরাপত্তা নিশ্চয়তা চাইছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এখন তারা নিরাপত্তা পেতে পারে, পরে শুধু মৃত্যু পাবে।”

তবে ইরানি কর্মকর্তারা সর্বোচ্চ নেতার নিহত হওয়ার দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তারা একে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে অভিহিত করেছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top