একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ০১:০৩

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানে বোমাবর্ষণের জবাবে প্রতিশোধমূলক হামলার ষষ্ঠ ধাপ শুরু করেছে তারা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর ইতোমধ্যে আঘাত হানা হয়েছে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ভাষ্য অনুযায়ী, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন উড়োজাহাজের মাধ্যমে হামলা চালানো হয়েছে। ওই অঞ্চলে অবস্থিত ২৭টি মার্কিন ঘাঁটি তাদের লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়।

এ ছাড়া ইসরায়েলের তেল নোফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর হা-কিরিয়া এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

সংস্থাটি আরও বলেছে, ইরানি বাহিনী ধাপে ধাপে আরও ভিন্ন ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে, যা তাদের ভাষায় হবে পরপর আঘাত। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে স্বাধীনভাবে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top