বাহরাইনে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১২:৫১

সংগৃহীত

বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে ‘ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা’ চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, ২০টি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা ওই ঘাঁটির প্রধান কমান্ড ও সদর দপ্তর ভবন ধ্বংস করেছে এবং জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরিয়ে দিয়েছে।

আইআরজিসির বক্তব্য রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর বরাতে প্রকাশ করা হয়েছে। বাহিনীটির দাবি, সাম্প্রতিক সংঘাতে তাদের শীর্ষ নেতৃত্বের ক্ষয়ক্ষতি ইরানকে দুর্বল করেনি; বরং আরও কঠোর অবস্থান নিতে প্রণোদিত করেছে।

তবে এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বাহরাইন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আগে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে হামলার কথাও উল্লেখ করেছিল ইরানের সামরিক বাহিনী।

এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর বক্তব্য— তাদের শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না, এমনকি নিজ ঘরেও নয়।

সূত্র: আল-জাজিরা

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top