আঞ্চলিক নিরাপত্তায় একজোট হচ্ছে সৌদি-তুরস্ক-মিসর ও পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১৫:১২
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সম্ভাব্য আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে সৌদি আরব, তুরস্ক, মিসর ও পাকিস্তান। বৃহস্পতিবার রিয়াদে ইসলামিক দেশগুলোর এক সম্মেলনের পাশ্ববর্তী বৈঠকে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে আলোচনা করেন।
কূটনৈতিক সূত্র জানায়, গত বছর থেকেই তুরস্ক একটি নিরাপত্তা জোট গঠনের উদ্যোগ নিয়ে আসছে। এ উদ্যোগে শুরুতে পাকিস্তান ও সৌদি আরবকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়। পরে এই প্রক্রিয়ায় মিসরকেও যুক্ত করার প্রচেষ্টা শুরু হয়।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আঞ্চলিক প্রভাবসম্পন্ন দেশ হিসেবে নিজেদের শক্তিকে কীভাবে একত্র করে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, এই উদ্যোগটি কোনো আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি হবে না। বরং এটি একটি নিরাপত্তাভিত্তিক সহযোগিতা কাঠামো হিসেবে কাজ করবে, যার মাধ্যমে প্রতিরক্ষা খাত ও সামরিক সহযোগিতা আরও জোরদার করা সম্ভব হবে।
বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান এবং এর জবাবে তেহরানের পাল্টা হামলার বিষয়ও গুরুত্ব পায়। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় যৌথভাবে কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়েও মতবিনিময় হয়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সংঘাতের প্রেক্ষাপটে এ ধরনের আঞ্চলিক সহযোগিতা ভবিষ্যতে নতুন কৌশলগত সমীকরণ তৈরি করতে পারে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।