নিউইয়র্কে গাড়ির সঙ্গে বিমানের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২ পাইলট
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১৬:৪৪
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্দিয়া বিমানবন্দরে অবতরণের সময় একটি অগ্নিনির্বাপক গাড়ির সঙ্গে যাত্রীবাহী বিমানের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার গভীর রাতে সংঘটিত এ দুর্ঘটনায় বিমানের দুই পাইলট নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ব্যস্ততম এই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিনির্বাপক গাড়িটি একটি জরুরি পরিস্থিতি মোকাবিলায় রানওয়ে অতিক্রম করছিল। ঠিক সেই সময় অবতরণরত বিমানের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় বিমানটির গতি ছিল ঘণ্টায় প্রায় ৩৯ কিলোমিটার।
অডিও বার্তায় জানা যায়, দুর্ঘটনার কয়েক মিনিট আগে একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছিল। সেই পরিস্থিতি সামাল দিতে অগ্নিনির্বাপক দলকে রানওয়েতে প্রস্তুত থাকতে বলা হয়েছিল।
নিয়ন্ত্রণ কক্ষ থেকে একটি গাড়িকে রানওয়ে অতিক্রমের অনুমতি দেওয়া হলেও অল্প সময়ের মধ্যেই সেটিকে থামার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ততক্ষণে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।
অগ্নিনির্বাপক গাড়িটিতে থাকা দুই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের হাত ও অন্যজনের পা ভেঙে গেছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
এই দুর্ঘটনার পর অন্তত ১৮টি উড়োজাহাজের যাত্রা বাতিল করা হয়েছে অথবা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা সংস্থা বিশেষজ্ঞদের একটি দল কাজ শুরু করেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।