লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ৯ জন প্যারামেডিক। শনিবার এ হামলার ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা-এর প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ লেবাননের জেজিন সড়কে স্পষ্টভাবে চিহ্নিত একটি প্রেস ভেহিকেল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
নিহত সাংবাদিকরা হলেন আল-মায়াদিন টেলিভিশনের ফাতিমা ফতুনি, তার সহকর্মী ও ভাই মোহাম্মদ ফতুনি এবং আল-মানার টেলিভিশনের আলি শুআইব। সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলায় ব্যবহৃত চারটি নির্ভুল ক্ষেপণাস্ত্র সরাসরি সাংবাদিকদের গাড়িতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন এবং আরও কয়েকজন সাংবাদিক আহত হন।
একই সময়ে অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও হামলা চালানো হয়, এতে একজন প্যারামেডিক নিহত হন। এছাড়া স্বাস্থ্য খাতে পৃথক পাঁচটি হামলায় আরও আটজন প্যারামেডিক নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তজাতিক মানবধিকার সংস্থা।
ঘটনার পর আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা জানানো হয়েছে। সাংবাদিক ও চিকিৎসাকর্মীদের ওপর এ ধরনের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করে দ্রুত স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।
তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।