রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

সাংবাদিকদের নিয়ে মন্তব্যে ক্ষোভ, নিরপেক্ষ তদন্তের দাবি

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৭

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজিবপুরে চাল কাণ্ডকে কেন্দ্র করে সাংবাদিকদের নিয়ে দেওয়া এক বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রাজিবপুর প্রেসক্লাব, রাজিবপুর উপজেলা প্রেসক্লাব ও রাজিবপুর মডেল প্রেসক্লাব যৌথভাবে প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সাংবাদিককে বয়কটের ঘোষণা দিয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, কোনো গণমাধ্যমকর্মীর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো সাংবাদিক সমাজ বা প্রতিষ্ঠানের ওপর চাপানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ধরনের বক্তব্য সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করে এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হানে।

রাজিবপুর প্রেসক্লাবের সভাপতি সহিজল ইসলাম সজল বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। ব্যক্তি ও প্রতিষ্ঠানের পার্থক্য বজায় রাখা জরুরি। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত, পুরো সাংবাদিক সমাজকে জড়িয়ে মন্তব্য করা দুঃখজনক।

রাজিবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারা বলেন, কোনো সাংবাদিকের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সাংবাদিক সমাজ বহন করবে না। এ ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সম্মানকে হুমকির মুখে ফেলে।

রাজিবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা সবার দায়িত্ব। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের হেয় করার চেষ্টা প্রতিহত করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিক সমাজ সবসময় সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে কাজ করে যাবে। একই সঙ্গে প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার (২৭ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজার এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে ৭১ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফাতেমা ট্রেডার্সের স্বত্বাধিকারী ও কালের কণ্ঠের উত্তরাঞ্চলীয় ডিজিটাল ইনচার্জ সোহেল রানা স্বপ্নকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঘটনাটি সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে সাংবাদিকদের নিয়ে মন্তব্য করেন তিনি। এর প্রতিবাদে উপজেলার তিনটি প্রেসক্লাব তাকে বয়কট করে যৌথ বিজ্ঞপ্তি প্রকাশ করে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top