তেল না পেয়ে ক্ষিপ্ত ট্রাকচালকের চাপায় নিহত পাম্প ম্যানেজার, আহত সহকর্মী
আব্দুল হামিদ শেখ | নড়াইল প্রতিনিধি | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৫
নড়াইলে তেল না পেয়ে ক্ষিপ্ত হয়ে পেট্রোল পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ট্রাকচালকের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক কর্মী।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার তানভীর ফিলিং স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ম্যানেজারের নাম নাহিদ। গুরুতর আহত কর্মী জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পাম্পের সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টার দিকে অভিযুক্ত ট্রাকচালক পাম্পে তেল নিতে আসেন। তিনি সিরিয়াল ভেঙে আগে তেল নিতে চাইলে ম্যানেজার নাহিদ ও কর্মী জিহাদুল তাকে লাইনে দাঁড়াতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে চালক তাদের হত্যার হুমকিও দেন।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাম্পে তেল শেষ হয়ে গেলে চালক আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। রাত আনুমানিক ২টা ১০ মিনিটে নাহিদ ও জিহাদুল পাম্প থেকে বের হওয়ার সময় ট্রাকচালক তাদের উপর ট্রাক তুলে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। গুরুতর আহত জিহাদুলকে পরে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ট্রাকচালককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।