সামরিক শক্তি নয়, কৌশলেই জয়ী হচ্ছে ইরান
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ০৮:৪৩
ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছে বলে জানিয়েছে বিশ্বের ৮০টি প্রভাবশালী থিংকট্যাংক ও গবেষণা প্রতিষ্ঠান। গত এক মাসের তথ্য ও বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে।
একটি সাম্প্রতিক পর্যালোচনায় দেখা যায়, সামরিক সক্ষমতায় এগিয়ে থাকলেও কৌশলগত অবস্থানে ইরান এখন তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান ‘রমজান যুদ্ধ’-এ ইরান আত্মরক্ষামূলক কৌশল গ্রহণ করে পরিস্থিতি নিজেদের অনুকূলে নিতে সক্ষম হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাৎক্ষণিক সামরিক আঘাত হানতে পারলেও দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য অর্জনে পিছিয়ে পড়ছে। ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করা, প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া কিংবা দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করার যে পরিকল্পনা ছিল, তা বাস্তবায়নে তারা সফল হয়নি।
বিশ্লেষণে আরও উল্লেখ করা হয়, হরমুজ প্রণালি এই সংঘাতের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানে ইরান অপ্রতিসম যুদ্ধ কৌশল প্রয়োগ করে পরিস্থিতির নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছে। ফলে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা এই গুরুত্বপূর্ণ নৌপথে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।
বিশেষজ্ঞদের মতে, সংঘাতটি এখন ধীরে ধীরে ক্ষয়িষ্ণু যুদ্ধে রূপ নিচ্ছে, যেখানে সময়ের সাথে ইরানের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। অপরদিকে, যুক্তরাষ্ট্র এমন এক অবস্থায় পড়েছে যেখানে সম্মানজনকভাবে যুদ্ধ থেকে বেরিয়ে আসা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এই বিশ্লেষণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ ও এশিয়ার শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের অভিমত, সামরিক শক্তির পাশাপাশি কৌশলগত সাফল্যই মূল বিষয়, আর সেই জায়গায় ইরান প্রতিপক্ষকে কার্যত আটকে দিতে সক্ষম হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।