শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

নৌকাডুবিতে মৃত্যু, উদ্ধারের পর দেখা গেল ছেলেকে বুকে জড়িয়ে আছেন মা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ২১:১৭

ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের নর্মাদা নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় হৃদয়বিদারক এক দৃশ্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে নদী থেকে এক মা ও তার চার বছর বয়সী সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকালে দেখা যায়, মৃত্যুর আগমুহূর্তেও মা তার সন্তানকে শক্ত করে বুকে জড়িয়ে রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর কেউই বাঁচতে পারেননি।

জানা গেছে, দিল্লি থেকে ঘুরতে আসা চার সদস্যের একটি পর্যটক পরিবারের অংশ ছিলেন তারা। দুর্ঘটনায় ওই পরিবারের বাবা ও একটি মেয়ে কোনোভাবে প্রাণে বেঁচে গেলেও নদীর স্রোতে হারিয়ে যায় মা ও ছেলে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।

শুক্রবার সকাল পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৭ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনো পাঁচ শিশুসহ মোট নয়জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে সৈয়দ রিয়াজের পরিবারের সদস্যরাও আছেন বলে জানা গেছে।

বেঁচে ফেরা পর্যটক সৈয়দ রিয়াজ হোসেন জানান, হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে প্রচণ্ড ঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যেই নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যেতে শুরু করে। চোখের পলকে তার স্ত্রী, শাশুড়ি ও নাতি নিখোঁজ হয়ে যায়।

নিজের বেঁচে ফেরা ঘটনাকে অলৌকিক বলে উল্লেখ করে তিনি বলেন, তিনি প্রায় দুই ঘণ্টা পানির নিচে আটকে ছিলেন, কেবল নাকের অংশ পানির ওপরে ছিল। তার পাশ দিয়ে একের পর এক মরদেহ ভেসে যেতে দেখেন। পরে উদ্ধারকর্মীরা তাকে জীবিত উদ্ধার করেন।

নৌকার চালকের কাছে জীবনরক্ষাকারী জ্যাকেট থাকায় তিনি প্রাণে বেঁচে যান। বর্তমানে স্থানীয় প্রশাসন ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর একাধিক দল নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে। তবে প্রবল স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top