বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০৫

ছবি: সংগৃহীত

সারা দেশে শুরু হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে একযোগে এই পরীক্ষা শুরু হয়। প্রথম দিন বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

এর আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন দেওয়া হয়। পরে অধিদপ্তর থেকে বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়।

প্রকাশিত সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।

তবে তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত দিয়ে পরীক্ষা শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শেষ হবে।

এদিকে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top