বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ হবে বিশ্বমানের শিক্ষা হাব: শিক্ষামন্ত্রী

প্রিয় ক্যাম্পাস ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১২:২৮

ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় এবং সেরা শিক্ষা কেন্দ্র বা শিক্ষা হাবে পরিণত হওয়ার পূর্ণ সক্ষমতা রাখে।

তিনি বলেন, দেশের ভেতরে প্রয়োজনীয় সম্পদ, মেধা, পরিকল্পনা এবং সদিচ্ছা রয়েছে। এখন প্রয়োজন সবাইকে একসঙ্গে নিয়ে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করা।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে “উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ভবিষ্যৎ দিকনির্দেশনা ও জাতীয় লক্ষ্য অর্জনে যৌথ কর্মপরিকল্পনা” শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বল্প সময় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার মতে, মাত্র ১৬ দিনের কাজ ১৬ বছরেও সম্পন্ন করা কঠিন ছিল।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার উন্নয়নে গভীর আগ্রহী ছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রীও শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন।

বাংলাদেশকে আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিদেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, একসময় বাংলাদেশ বিদেশি শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় গন্তব্য ছিল এবং ভবিষ্যতেও সেই অবস্থান পুনরুদ্ধারের সুযোগ রয়েছে। একই সঙ্গে বিদেশে পড়াশোনা শেষে শিক্ষার্থীদের দেশে ফিরে অবদান রাখার প্রবণতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, সিদ্ধান্ত গ্রহণে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া জরুরি। বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ব্যবস্থাপনা, স্কলারশিপ ব্যবস্থা এবং ট্রাস্টভিত্তিক পরিচালনার বিষয়গুলোও পর্যালোচনার মধ্যে রয়েছে।

সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা খাতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে বদ্ধপরিকর বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

সভায় সভাপতিত্ব করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি মো. সবুর খান। এছাড়া আরও বক্তব্য দেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top