বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

নড়াইল প্রতিনিধি | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১১:৫৭

ছবি: সংগৃহীত

নড়াইল সদর উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাকিব শেখ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ চাঁদনী আক্তার খাদিজা (২০) খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) খুলনার ফুলতলা থেকে নড়াইল সদরের বাহিরগ্রামে খালাশাশুড়ির বাড়িতে বেড়াতে আসেন সাকিব ও চাঁদনী। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে সাকিবের মাদকাসক্তি ও কর্মবিমুখতা নিয়ে পারিবারিক কলহ চলছিল বলে জানা যায়।

এরই জেরে মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী চাঁদনীকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন সাকিব। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাকিব শেখকে গ্রেফতার করে।

প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে আড়াল করার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্ত কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হাসপাতালে নেওয়ার সময় পরিবার দাবি করেছিল অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে আহত হন চাঁদনী। কিন্তু ঘটনাস্থলের আলামত ও অভিযুক্তের কথাবার্তায় অসংগতি পাওয়ায় জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যার কথা স্বীকার করেন।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top