রাজধানীর ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১২:১১
রাজধানীর ফার্মগেট এলাকায় চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী ছোট বাসে আকস্মিকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো যাত্রী হতাহত হননি বলে জানা গেছে।
বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যাশৈন্যু মারমা।
তিনি জানান, ফার্মগেটে চলন্ত অবস্থায় ওই যাত্রীবাহী ছোট বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে। তবে বাসে থাকা কোনো যাত্রীর ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, আগুন লাগার আগে গাড়ির ভেতরে একটি বিকট শব্দ শোনা যায়। এরপরই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লাগার সম্ভাবনা আছে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো বিস্ফোরণ ঘটেনি। সিলিন্ডার বিস্ফোরণ হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো।
আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সেটি সড়ক থেকে সরিয়ে রাখা হয়েছে। মালিক এসে গাড়িটি নিয়ে যাবেন বলে জানানো হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।