লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
জুবাইর আহমেদ খান রোহান | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে লালমনিরহাট-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এডভোকেট আবু তাহের তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা শহরের মুনস্টার হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জোটভুক্ত বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইশতেহার ঘোষণাকালে এডভোকেট আবু তাহের বলেন, মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে লালমনিরহাট সদর উপজেলাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। এজন্য সেক্টরভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথা তুলে ধরেন তিনি।
ইশতেহারে শিক্ষা খাতে শতভাগ সাক্ষরতা নিশ্চিতকরণ, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সুবিধাসম্পন্ন স্মার্ট স্কুল স্থাপন, কারিগরি শিক্ষা ও আইটি প্রশিক্ষণ জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা সহায়তা তহবিল এবং আন্তর্জাতিক বৃত্তি সহায়তা কেন্দ্র স্থাপনের কথাও উল্লেখ করা হয়।
কৃষি খাতে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক বাজার’ স্থাপন, বিনা সুদে ঋণ প্রদান, কোল্ড স্টোরেজ ও ফুড প্রসেসিং শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। এছাড়া তিস্তা ও ধরলা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং ড্রেজিং কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকারও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়।
স্বাস্থ্য খাতে ইউনিয়নভিত্তিক কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণ, মোবাইল স্বাস্থ্য ইউনিট চালু, দরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবা কার্ড প্রবর্তন এবং সরকারি হাসপাতাল আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি বেকারত্ব দূরীকরণ, যুব ও নারী কর্মসংস্থান সৃষ্টি, ভিক্ষুক পুনর্বাসন এবং ‘ওয়ান ফর অল’ প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারে অন্তত একজন দক্ষ সদস্য গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।
এ ছাড়া যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, কাঁচা রাস্তা পাকাকরণ, জলাবদ্ধতা নিরসন, পর্যটন কেন্দ্র উন্নয়ন, যুব ও ক্রীড়া সুবিধা সম্প্রসারণ এবং সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতিবিরোধী কমিটি গঠনের ঘোষণাও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে লালমনিরহাট সদর উপজেলাকে একটি পরিকল্পিত, মানবিক ও উন্নত জনপদে রূপান্তর করা সম্ভব হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।