দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে- নাউজুবিল্লাহ: মির্জা ফখরুল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:২১
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ‘দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে- নাউজুবিল্লাহ। কোনো নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে কেউ বেহেশতে যেতে পারে- এমন কথা ইসলাম কখনোই সমর্থন করে না।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ধর্মের নামে এ ধরনের অপপ্রচার ইতোমধ্যেই দেশের প্রখ্যাত আলেমদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। তিনি উল্লেখ করেন, হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া নাজায়েজ বলেছেন। একইভাবে চরমোনাইয়ের পীর জামায়াতে ইসলামীকে পৃথিবীর সবচেয়ে বড় ‘মিথ্যাবাদী’ দল হিসেবে আখ্যায়িত করেছেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘এমন একটি দলকে ভোট দিয়ে আমরা আমাদের ঈমান নষ্ট করতে পারি না। তাই আমি মা-বোন ও ভাইদের প্রতি আহ্বান জানাই- কেউ যেন ধর্মের নামে বিভ্রান্ত না হন।’
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। একইসঙ্গে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, ভোটের মাধ্যমে তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি করতে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।