বাহুল্য খরচ না করেই প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৪:২৫

ছবি: সংগৃহীত

মিন্টো রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা নতুন প্রধানমন্ত্রীর বসবাসের জন্য প্রস্তুত করা হয়েছে। জাতীয় নির্বাচনের পর ২৮ ফেব্রুয়ারি যমুনা ত্যাগ করেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর থেকেই নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ভবনটি প্রস্তুতের কাজ শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুবিধা বিবেচনায় যমুনাকে প্রধানমন্ত্রীর আবাসন হিসেবে গড়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংস্কার কাজে কোনো ধরনের অপ্রয়োজনীয় ব্যয় করা হয়নি।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানান, প্রধানমন্ত্রী সবসময়ই অযথা খরচ পরিহার করতে চান। সেই নির্দেশনা মেনে খুব সীমিত পরিসরে কাজ সম্পন্ন করা হয়েছে। ভবনের ভেতরে রঙ করা হয়েছে এবং জীবাণুমুক্ত রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। সব মিলিয়ে অল্প ব্যয়ে সাশ্রয়ীভাবে প্রস্তুত করা হয়েছে যমুনা।

এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি কর্মসূচি যমুনা থেকে পরিচালনা করেছেন। তবে কবে তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

প্রধান প্রকৌশলী বলেন, নির্দেশনা পেলেই দ্রুত প্রস্তুতি সম্পন্ন করা যাবে। যমুনায় বসবাসের সিদ্ধান্ত হলে সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে সব কাজ শেষ করা সম্ভব।

অন্যদিকে, ঈদের পর মিন্টো রোডের সরকারি বাসভবনে উঠবেন প্রধান বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে যেসব বাসভবন বুঝে পাওয়া গেছে সেগুলোর সংস্কার কাজ চলছে। কিছু মন্ত্রীর বাংলো ঈদের আগেই বুঝিয়ে দেওয়া সম্ভব হবে এবং বাকি বাসভবনগুলো ঈদের পর হস্তান্তর করা হবে।

এছাড়া কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী ইতোমধ্যে মিন্টো রোডের সরকারি বাসভবনে বসবাস শুরু করেছেন বলেও জানা গেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top