তেল নিতে লাগবে ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১৪:১৮
সাতক্ষীরায় জ্বালানি তেলের চলমান সংকট ও অনিয়ম নিয়ন্ত্রণে জেলা প্রশাসক নতুন নির্দেশনা জারি করেছেন। তা অনুযায়ী, মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে গেলে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড থাকা বাধ্যতামূলক হবে।
জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম বুধবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন নির্দেশনা কার্যকর হওয়ার আগেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ও ভোগান্তি দেখা গেছে।
জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে নির্ধারিত সময়েই তেল নিতে হবে। সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে তেল দেওয়া যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, তেল নেওয়ার সময় চালককে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে। হেলমেট পরিধানও বাধ্যতামূলক।
ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
এছাড়া প্লাস্টিক বোতল বা ড্রামসহ কোনো কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে তেলের ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে জেলা প্রশাসন।
নতুন নিয়ম চালুর খবরে বুধবার রাত থেকেই সাতক্ষীরার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেকেই এই ফুয়েল কার্ডকে ভোগান্তি হিসেবে দেখছেন এবং বলছেন, নতুন নিয়মের কারণে আবারও সমস্যায় পড়তে হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।