শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে

“মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন”: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৫:৩৫

সংগৃহীত

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এক বিব্রতকর কিন্তু হাস্যরসাত্মক মুহূর্তের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করতে থাকলে তারেক রহমান হঠাৎ বলে ওঠেন, “মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন।” এ কথা শুনে মিলনায়তনে উপস্থিত সবাই করতালি দেন। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রশংসা করি নাই যতটুকু আপনি বলতেছেন, সামান্য বলেছি।”

বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সবাইকে পরিবর্তনের অংশ হতে হবে এবং মানবসেবাকে কেন্দ্র করে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির মাধ্যমে স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, তিনি নিরলসভাবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং তার এই প্রচেষ্টার ফলেই তিনি একজন সফল রাজনৈতিক সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। পাশাপাশি তিনি গ্রাম পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আরও জানান, মাঠ পর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং তাদের কাজের পরিবেশ উন্নত করা সরকারের অগ্রাধিকার। উপজেলা হাসপাতালগুলোর উন্নয়ন অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ খাতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সেবায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে এবং সম্মিলিতভাবে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top