ঈদের আগে দাম কমলো সোনার, ভরিতে কত?
অর্থনীতি ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১১:১০
ঈদকে সামনে রেখে দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এবার ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা।
বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল্য নির্ধারণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় এবং পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করা হয়।
নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ১৪ মার্চ সোনার দাম সমন্বয় করেছিল সংগঠনটি। সেদিন ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের ক্ষেত্রে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ দফা দাম বেড়েছে এবং ১৮ দফা কমানো হয়েছে। আর গত বছরে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।